Image description

নতুন সরকারের উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরে প্রকাশিত গেজেটে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রী পদমর্যাদায় নিয়োজিত পাঁচজনের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে তিনজনকে রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন— মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ।

অন্যদিকে, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টাদের মধ্যেও দায়িত্ব বণ্টন করা হয়েছে পৃথকভাবে। হুমায়ুন কবির পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর ডা. জাহেদ উর রহমান দায়িত্ব পেয়েছেন পলিসি ও স্ট্র্যাটেজি খাতে।

এ ছাড়া মাহদী আমিনের ওপর ন্যস্ত করা হয়েছে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান—এই চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব। রেহান আসিফ আসাদ পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।

সরকারি সূত্র জানিয়েছে, নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।