সৌদি আরবের প্রচলিত উম্ম আল-কুরা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন। তবে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের একাধিক জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের কোথাও নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
গত কয়েক বছর ধরে অভিযোগ উঠেছে, সৌদি আরব চাঁদ দেখা হোক বা না হোক, নিজেদের ক্যালেন্ডার অনুযায়ী রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে যাচ্ছে। মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরও এ ধরনের অভিযোগ উঠেছিল।
এদিকে চলতি বছরের রমজান শুরুর তারিখকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভিন্ন সিদ্ধান্তের সম্ভাবনা তৈরি হয়েছে।
শারজাহ জ্যোতির্বিদ্যা, মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমি জানিয়েছে, মঙ্গলবার নতুন চাঁদ দেখা বৈজ্ঞানিকভাবে অসম্ভব। একই মত দিয়েছেন আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ওদেহ।
অন্যদিকে সৌদি আরবের উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী রমজান শুরু হওয়ার কথা। অতীতে জ্যোতির্বিদদের আপত্তি সত্ত্বেও সৌদি এমন ঘোষণা দিয়েছে; তাই এবারও বুধবার রমজান শুরুর সম্ভাবনা রয়েছে।
যুক্তরাজ্যের নতুন চাঁদ সমিতির পরিচালক ইমাদ আহমেদ বলেন, ‘১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কোথাও চাঁদ দেখা সম্ভব নয়।’



