Image description

আন্তর্জাতিক তেল পাচার চক্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আরব সাগরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজগুলো মুম্বাইয়ের পশ্চিমে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে আটক করা হয়।

ভারতীয় কোস্টগার্ড জানায়, আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে ৬ ফেব্রুয়ারি জাহাজ তিনটি শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, আন্তর্জাতিক জলসীমায় মাঝসমুদ্রে তেল স্থানান্তরের মাধ্যমে নিষেধাজ্ঞাভুক্ত তেল পরিবহন করছিল একটি সংঘবদ্ধ চক্র। অভিযানের পর জাহাজগুলোকে আইনি প্রক্রিয়ার জন্য মুম্বাই বন্দরে নেওয়া হচ্ছে।

তেল পরিবহন পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আটক জাহাজগুলোর নাম স্টেলার রুবি, চিলটার্ন ও অ্যাসফাল্ট স্টার। এগুলো এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ে। ওয়াশিংটনের অভিযোগ, ইরান তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে যে ‘শ্যাডো ফ্লিট’ ব্যবহার করছে, এসব জাহাজ তারই অংশ।

এ ঘটনার মধ্যেই ইরানের তেল বাণিজ্য ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগও বাড়ছে। সূত্র: মিডল ইস্ট আই