বছরের শুরুতে চাকরিজীবীদের মনে ঘুরপাক খায় একটিই প্রশ্ন ‘এ বছর ইনক্রিমেন্ট কত হবে?’ পেশা যদি হয় প্রযুক্তি, স্বাস্থ্যসেবা কিংবা বিশেষ কোনো কারিগরি দক্ষতাভিত্তিক, তবে ২০২৬ সাল আপনার জন্য সুখবর বয়ে আনতে পারে।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ‘রিজিউমে জিনিয়াস’-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালে বিশ্ববাজারে অন্তত ১০টি পেশায় বেতন বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও গবেষণাটি মূলত যুক্তরাষ্ট্রের শ্রমবাজারভিত্তিক, তবে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ও দক্ষ জনশক্তি রপ্তানির এই যুগে বাংলাদেশের তরুণদের জন্যও এর গুরুত্ব কম নয়।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে বর্তমানে সাধারণ দক্ষতার চেয়ে বিশেষায়িত দক্ষতার মূল্য অনেক বেশি। রিজিউমে জিনিয়াসের ক্যারিয়ার বিশেষজ্ঞ ইভা চ্যান বলেন, বেতন হঠাৎ বাড়ে না। যেখানে চাহিদা বেশি, সেখানেই বেতন বাড়ে। দ্রুত বর্ধনশীল শিল্পে যাদের বিশেষ দক্ষতা আছে, ২০২৬ সালে তাঁরা বেতন বৃদ্ধিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবেন।
যেসব পেশায় বেতন বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি
১. আর্থিক ব্যবস্থাপক
বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দক্ষ আর্থিক ব্যবস্থাপকের চাহিদা বাড়ছে। বাংলাদেশেও ব্যাংক ও করপোরেট খাতে এ পেশার কদর তুঙ্গে। গড় বার্ষিক বেতন: ১,৬১,৭০০ ডলার
২. মার্কেটিং ম্যানেজার
ডিজিটাল ব্যবসার যুগে ডেটাভিত্তিক মার্কেটিং কৌশলে পারদর্শীদের চাহিদা সর্বাধিক। ফ্রিল্যান্সিং বাজারেও এটি উচ্চ আয়ের অন্যতম খাত। গড় বার্ষিক বেতন: ১,৬১,০৩০ ডলার
৩. সাইবার নিরাপত্তা বিশ্লেষক
হ্যাকিং ও সাইবার আক্রমণের ঝুঁকি বাড়ায় এই পেশায় চাহিদা আকাশচুম্বী। ২০৩৪ সাল নাগাদ কর্মসংস্থান বাড়বে প্রায় ২৯ শতাংশ। গড় বার্ষিক বেতন: ১,২৪,৯১০ ডলার
৪. ডেটা সায়েন্টিস্ট
ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এখন সবচেয়ে মূল্যবান। আইটি খাতে আগ্রহী তরুণদের জন্য এটি বড় সুযোগ।গড় বার্ষিক বেতন: ১,১২,৫৯০ ডলার
৫. নিবন্ধিত নার্স
উন্নত দেশগুলোতে দীর্ঘদিন ধরেই নার্স সংকট চলছে। বাংলাদেশ থেকে বিদেশে নার্সদের চাহিদা বাড়ছে দ্রুত। গড় বার্ষিক বেতন: ৯৩,৬০০ ডলার
৬. বিদ্যুৎ লাইন মেরামতকারী
কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তুলনামূলক কম শিক্ষায়ও এই পেশায় উচ্চ আয় সম্ভব। গড় বার্ষিক বেতন: ৯২,৫৬০ ডলার
৭. উড়োজাহাজ মেকানিক
বিশ্বব্যাপী বিমান চলাচল বাড়ায় দক্ষ এভিয়েশন মেকানিকদের চাহিদা দ্রুত বাড়ছে। গড় বার্ষিক বেতন: ৭৮,৬৮০ ডলার
৮. সহকারী নার্স
নার্সদের সহায়ক হিসেবে কাজ করা এই পেশায় বেতন বৃদ্ধির হার বর্তমানে সবচেয়ে বেশি প্রায় ৭.৬ শতাংশ। গড় বার্ষিক বেতন: ৬২,৩৪০ ডলার
৯. ভারী যন্ত্রপাতির অপারেটর
বড় অবকাঠামো নির্মাণ প্রকল্পে দক্ষ অপারেটরের চাহিদা দিন দিন বাড়ছে। গড় বার্ষিক বেতন: ৫৮,৩২০ ডলার
১০. ট্রাকচালক
সরবরাহব্যবস্থা সচল রাখতে দক্ষ চালকের বিকল্প নেই। বিদেশে এই পেশায় এখন বড় অঙ্কের বেতনের অফার দেওয়া হচ্ছে। গড় বার্ষিক বেতন: ৫৭,৪৪০ ডলার
ভবিষ্যৎ কোন দিকে?
প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও কারিগরি দক্ষতাভিত্তিক পেশাগুলোই আগামী বছরগুলোতে শ্রমবাজারের নিয়ন্ত্রণ নেবে। যাদের এসব ক্ষেত্রে বিশেষ দক্ষতা রয়েছে, ২০২৬ সালে তাঁরা বেতন বৃদ্ধির আলোচনায় শক্ত অবস্থানে থাকবেন।
ক্যারিয়ার পরিবর্তন বা নতুন দক্ষতা অর্জনের পরিকল্পনা থাকলে, এই ১০টি পেশা হতে পারে সময়োপযোগী ও লাভজনক গন্তব্য।



