রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে স্থানীয় রাজনীতিতে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। উপকূলীয় এই জনপদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আঃ রহমান ফরাজী।
দীর্ঘদিন ধরে রাঙ্গাবালী উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। দলীয় নেতা–কর্মীদের মতে, নানা রাজনৈতিক উত্থান–পতনের সময়েও সংগঠনকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, বিগত ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিকূল সময়েও আব্দুর রহমান ফরাজী সংগঠনকে ধরে রাখতে কাজ করেছেন এবং নেতা–কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। তার নেতৃত্বে উপজেলা বিএনপির বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
ফলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম দলীয় মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে।
এদিকে স্থানীয় হাট-বাজার, চায়ের দোকান ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও আঃ রহমান ফরাজীকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংগঠনের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তিনি উপজেলা রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম।
যদিও এ বিষয়ে আঃ রহমান ফরাজীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাঙ্গাবালীর রাজনীতিতে তাকে ঘিরে আলোচনা দিন দিন বাড়ছে।
উপকূলীয় এই জনপদের উন্নয়ন, অবকাঠামো ও মানুষের জীবনমান উন্নয়নের প্রত্যাশা নিয়ে এখন স্থানীয়দের দৃষ্টি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দিকে। সময় ও রাজনৈতিক সমীকরণই বলে দেবে রাঙ্গাবালীর আগামী দিনের নেতৃত্ব কার হাতে যাবে।



