ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান চলমান। তারই ধারাবাহিকতায় একদিনে চার জেলায় অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে মাদক, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যৌথ বাহিনীর এই অভিযানে গ্রেপ্তার নেতাকর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
যৌথ বাহিনীর দাবি, নির্বাচন উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অস্ত্র সরবরাহের মাধ্যমে সহযোগিতা করছিল তারা।
চট্টগ্রামে ইটভাটায় অস্ত্রের কারখানা, ম্যানেজারসহ আটক ২
জেলার সন্দ্বীপে স্থানীয় এক বিএনপি নেতার মালিকানাধীন ব্রিকফিল্ডে (ইটভাটা) যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি মিনি অস্ত্র কারখানার সন্ধান পায়। সেখান থেকে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ ইটভাটার ম্যানেজার এবং আরও একজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন ইটভাটার ম্যানেজার মো. রাসেদ (৪০) ও রহমতপুর ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর (৪৩)।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের বরাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, নির্বাচন উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অস্ত্র সরবরাহের মাধ্যমে সহযোগিতা করছিল তারা।
জানা গেছে, ইটভাটার মালিক বাহাদুর। তিনি সন্দ্বীপের আমান উল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর হোসেন ঠাকুর বলেন, আমান উল্লাহ বিএনপির সভাপতি বাহাদুরের ইটভাটার ব্যবসা আছে। ইটভাটার মালিক কয়েকজন। বাহাদুরের নাম উদ্দেশ্যমূলকভাবে জুড়ে দেওয়া হচ্ছে। সে এ বিষয়ে কিছুই জানে না।
শরীয়তপুরে বিপুল অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেত্রী গ্রেপ্তার
জেলার পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। ইলোরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে মহিলা দলের রাজনীতির সঙ্গে জড়িত।
পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি শটগান, শটগানের ৭১ রাউন্ড কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
তল্লাশিকালে মন্টু তালুকদারকে না পেয়ে তার স্ত্রী ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ঝালকাঠিতে মাদক ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের ২ নেতা আটক
জেলার নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার পৌর এলাকার গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫), একই এলাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং সোহরাব আকন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।
ময়মনসিংহে ছাত্রদল কর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
জেলার গফরগাঁওয়ে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা অ্যামোনিশন ও ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে মো. কামরুল ইসলাম (৩৫) ও মো. সাব্বির (২৩)। দুজনই ছাত্রদলের সক্রিয় কর্মী।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা অ্যামোনিশন এবং একটি পিস্তলসদৃশ লাইটারসহ ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।



