“বিগত ফ্যাসিস্ট হাসিনা আমলে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই–সংগ্রামে কখনোই মাথা নত করেননি বেগম খালেদা জিয়া”—মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
পঞ্চগড়ের বোদায় শনিবার (২৯ নভেম্বর) রাতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে কমিটি প্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীনভাবে তার অবস্থান থেকে লড়াই–সংগ্রাম করেছেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া করি। কারণ আগামীর বাংলাদেশে রাজনৈতিক নেতাদের মধ্যে সৌহার্দ্য, শ্রদ্ধা ও সম্মানের সম্পর্ক থাকতে হবে।
জাতীয় নাগরিক পার্টি বোদা উপজেলা’র প্রধান সমন্বয়কারী শিশির আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় তেতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন।
বক্তারা জুলাই আন্দোলন–পরবর্তী সময়ে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে এনসিপিকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বোদা উপজেলার ১০টি ইউনিয়নের কমিটি ঘোষণা করেন।



