Image description

আসন্ন হজ মৌসুমে হজযাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কঠোর নির্দেশনা প্রদান করেন।

মন্ত্রী আফরোজা খানম বলেন, হাজীদের নির্বিঘ্ন হজ পালন নিশ্চিত করা রাষ্ট্রের কর্মচারীদের একটি নৈতিক দায়িত্ব। এ কাজে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না। তিনি হজ ফ্লাইট পরিচালনা, ইমিগ্রেশন, লাগেজ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবাসহ প্রতিটি ক্ষেত্রে তদারকি জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সব দপ্তরকে আগেভাগেই প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, যোগ্য ব্যক্তিরা সঠিক স্থানে দায়িত্ব পালন করছেন কিনা, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। খুব শীঘ্রই মন্ত্রী ও প্রতিমন্ত্রী সশরীরে হজ ক্যাম্প পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলেও সভায় জানানো হয়।

সভায় হজ ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, ধর্ম সচিব মো. কামাল উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।