Image description

সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন করে ঈদের আগে পে-স্কেলের গেজেট জারির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যলয় বরাবর একটি স্মারকলিপি দেন বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, বৈষম্যহীন ৯ম পে-স্কেল ১৪ অনুপাতে ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ পূর্বক পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্টতা লাভ করে সরকার গঠন করায় দেশের জনগণ যেভাবে ভোটাধিকার ফিরে পেয়েছে তেমনিভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছে।

স্মারকলিপিতে সংগঠনটির নেতারা বলেন, ‘২০১৫ সালে ৮ম পে-স্কেলে ১১-২০ গ্রেডের কর্মচারিদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করার পর থেকেই প্রথম পর্যায়ে পে-স্কেলের বৈষম্য নিরসনের জন্য আবেদন নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের নিকট থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

বিগত কোনো সরকার সংগঠনের সাথে আলোচনাও করেনি। অথচ বিগত বিএনপির সরকার ১৯৯১ ও ২০০৫ সালে কর্মচারীদের দুঃখ দুর্দশার বিষয় বিবেচনা করে ২টি পে-স্কেল দিয়েছিল।

বিগত ১১ বছর কর্মচারীরা পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্য-মূল্যের লাগামহীন উর্ধগতির দরুণ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ৬ সদস্যের পরিবার নিয়ে ব্যয়ভার নিয়ে দিশেহারা। বিএনপির নির্বাচনী ইশতেহার ছিল ‘যথা সময়ে ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা হয়েছে। যার ফলশ্রুতিতে কর্মচারীরা আশান্বিত হয়েছে।’