Image description

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগকে কেন্দ্র করে চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসন ও রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম।

রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, চাঁদাবাজদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা দেশ। পুলিশ-প্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পর্যায় পর্যন্ত বিভিন্ন মহল চাঁদাবাজির পক্ষে পরোক্ষ সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

স্ট্যাটাসে সাদিক কায়েম বলেন, সমাজ ও রাষ্ট্রযন্ত্র ক্রমেই বিচারহীন, নির্লজ্জ ও অমানবিক হয়ে উঠছে—যাত্রাবাড়ীর সাম্প্রতিক ঘটনাটি তারই একটি উদাহরণ। চাঁদাবাজদের হাতে কেউ নিহত হলেও সেটিকে ‘তথাকথিত সমঝোতার’ মাধ্যমে আড়াল করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসন ও রাষ্ট্রের পক্ষপাতদুষ্ট ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে তিনি দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রীয় উদ্যোগে ক্ষতিপূরণ প্রদান এবং চিহ্নিত চাঁদাবাজ ও তাদের আশ্রয়দাতাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি বলেন, চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি।