Image description

সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠের হেড অব নিউজ ফারুক মেহেদীর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘরে বই দুটির মোড়ক উন্মোচন করেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকার মামুন রশীদ।

বই দুটি হলো— সংকট-সম্ভাবনার অর্থনীতি: সেরাদের মুখোমুখি এবং আমার সেরা লিড নিউজ।

প্রকাশনা প্রতিষ্ঠান অয়ন প্রকাশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন স্যার উইলিয়াম বিভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও চ্যানেল টোয়েন্টিফোরের সাবেক সিইও মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।

২০২১ সাল থেকে জাতীয় পত্রিকায় দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সরকারের দায়িত্বশীল কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টদের নিয়ে প্রকাশিত সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারভিত্তিক বই সংকট-সম্ভাবনার অর্থনীতি: সেরাদের মুখোমুখি। এছাড়া দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন খুঁটিনাটি বিশ্লেষণ করে পত্রিকায় প্রকাশিত প্রধান প্রতিবেদনগুলো নিয়ে সাজানো হয়েছে আমার সেরা লিড নিউজ।

অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ বলেন, ‘সময়ের প্রেক্ষাপটে অর্থনীতির গতি-প্রকৃতি ও বাঁক বদলের প্রামাণ্য দলিল এই বই দুটি। দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, সাংবাদিকতার শিক্ষার্থী ও সরকারি নথি তৈরিতে বইগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের সমসাময়িক অর্থনীতি সংক্ষেপে জানতে হলে এই বই দুটি পড়া প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেও যখন বাজেটসংক্রান্ত বিষয়ে কোনো পত্রিকায় লিখতাম, তার আগে ফারুকের কাছ থেকে তথ্য সংগ্রহ করতাম।’

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা। এছাড়া রয়েল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আশার মিয়ানমারের সাবেক এমডি ফরিদুর রহমান এবং প্রবীণ বিষয়ক গবেষক হাসান আলী।

জীবন কানাই দাস বলেন, ‘একসঙ্গে কাজ করার সুবাদে ফারুক মেহেদীকে আমি আগে থেকেই চিনি। তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির যোগ্যতা, ক্ষমতাকে প্রশ্নবানে জর্জরিত করা, চিন্তা-চেতনায় অগ্রসরতা ও পাঠকপ্রিয় লেখার জন্য তিনি সুপরিচিত। তাঁর বই দুটি পাঠকসমাজে গ্রহণযোগ্যতা পাবে বলেই প্রত্যাশা।’

অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘অর্থনীতির ছাত্র হিসেবে একজন যখন অর্থনীতি নিয়ে লেখেন, তখন তা সহজেই পাঠকপ্রিয় হয়ে ওঠে। ক্লাসরুম থেকে শুরু করে কর্মক্ষেত্র—সব জায়গায় নিজের মেধা ও যোগ্যতা দিয়ে ফারুক নিজেকে অনন্য অবস্থানে নিয়ে গেছেন। আমি তাঁর সাফল্য কামনা করি।’

অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী বলেন, সেরাদের মুখোমুখি বইটিতে ২০২১ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আর আমার সেরা লিড নিউজ বইটিতে ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের সেরা লিড নিউজের সংকলন রয়েছে। সাক্ষাৎকারভিত্তিক বইয়ে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও খাতসংশ্লিষ্টদের মতামত স্থান পেয়েছে। তাঁদের চোখে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সংকট উঠে এসেছে। পাশাপাশি লিড নিউজগুলোর মাধ্যমে অর্থনীতির সুযোগ, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নীতিনির্ধারণী বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অনেক ক্ষেত্রে এসব সংবাদ প্রকাশের পর নীতিতে পরিবর্তন এসেছে। বই দুটি দেশের সমসাময়িক অর্থনীতির প্রতিনিধিত্ব করে।

অতিথিদের বক্তব্যে রয়েল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম, প্রবীণ অর্থনীতি গবেষক হাসান আলী, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা এবং কালের কণ্ঠ-এর যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথি দাস সাংবাদিক ফারুক মেহেদীর দুই দশকেরও বেশি সময়ের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, পেশাদার সাংবাদিক হিসেবে ফারুক মেহেদীর কাজের গুণগত মান অনেকের জন্যই অনুকরণীয়।

এছাড়া অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন এবং সাবেক সচিব ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।