Image description

বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে একটানা ভোটগ্রহণ চলবে। ৩০০ আসনের মধ্যে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকায় সেখানে নির্বাচন হচ্ছে না। নির্ধারিত সময় শেষে কেন্দ্র চৌহদ্দির ভেতরে উপস্থিত ভোটারদের ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা

নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কমিশন সন্তুষ্ট। যদিও তফসিল ঘোষণার পর কিছু বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তবে সেগুলো নিয়ন্ত্রণে রয়েছে।

নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালন করছেন প্রায় ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহে ৮৫০টির বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রথমবারের মতো এবার নির্বাচনে ড্রোন (ইউএভি), বডি ওর্ন ক্যামেরা এবং ব্যাপক সিসিটিভি নজরদারি ব্যবহার করা হচ্ছে। ইসি জানিয়েছে, ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রায় ৫০ শতাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রার্থী ও ভোটার সংখ্যা

এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ ৫০টি রাজনৈতিক দলের মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বে বড় দুই জোটসহ বিভিন্ন দল নির্বাচনে অংশ নিচ্ছে।

সারা দেশে মোট ভোটার প্রায় ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার প্রায় ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাধারণ কেন্দ্র ২১ হাজার ২৭৩টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২১ হাজার ৫০৬টি। ২৯৯টি কেন্দ্রে পোস্টাল ভোটের গণনা হবে।

পর্যবেক্ষণ ও গণমাধ্যম

নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন ৪৫ হাজার ৩৩০ জন দেশীয় এবং প্রায় ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক। এছাড়া প্রায় ৯ হাজার ৭০০ জন সাংবাদিক নিবন্ধন করেছেন, যার মধ্যে বিদেশি সাংবাদিক প্রায় ১৫৬ জন।

ভোটগ্রহণ ও ফলাফল

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুটি ব্যালট একসঙ্গে গণনা করা হবে। কেন্দ্র পর্যায়ে প্রাথমিক ফলাফল ঘোষণা করে তা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হবে। কমিশন আশা করছে, অধিকাংশ আসনের ফলাফল মধ্যরাতের মধ্যেই জানা যাবে।

ভোটের পরিবেশ ও প্রত্যাশা

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার অধিকসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত ৩০০টি মামলা দায়ের এবং ৫০০টির বেশি তদন্ত করা হয়েছে।

ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি কোনো পূর্বাভাস দিতে চাননি, তবে মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও উচ্ছ্বাসের কথা উল্লেখ করেন। বিশেষ করে ঢাকা থেকে গ্রামে ভোট দিতে যাওয়ার মানুষের ঢল ভালো ভোটার উপস্থিতির ইঙ্গিত দেয় বলে তিনি মন্তব্য করেন।

সব রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্তিপূর্ণ ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যাশা—অতি প্রতীক্ষিত এই নির্বাচন উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হবে।